গোগোল যেবারে গরমের ছুটিতে দার্জিলিং গিয়েছিল, আর দার্জিলিং থেকে নেমে গিয়েছিল হলং স্যাংচুয়ারিতে, সেটা বছর দুয়েক আগের ঘটনা । সেবারই হলংয়ের জঙ্গলে এক পাগলা হাতির সঙ্গে গোগোলের বন্ধুত্ব হওয়ার ঘটনা ঘটেছিল । গল্পটা আর নতুন করে কিছু বলার নেই ।
অনেক আগেই সে-গল্প জানাজানি হয়ে গিয়েছে । নেহাত খেই ধরিয়ে দেবার জন্য এইটুকু বলা যায়, সেবার হলংয়ে বিরাট এক দাঁতাল পাগলা হাতি নেমে এসেছিল, আসাম থেকে ভুটান পেরিয়ে । সে এমন আতঙ্কের সৃষ্টি করেছিল, পোষা হাতির পিঠে চেপে কেউ আর গণ্ডার হরিণ ময়ূর বাঘ ইত্যাদি দেখতে যেতে সাহস পায়নি ।
অথচ সেই হাতিই, গোগোলকে জঙ্গলের ধারে একলা পেয়ে, শুঁড় দিয়ে আলতো করে ঠেলে নিয়ে জঙ্গলের গভীরে ঢুকে গিয়েছিল । গোগোল খুবই ভয় পেয়েছিল । কিন্তু ভয় ভাঙতেও বেশি দেরি হয়নি। হাতিটি মোটেই রেগে যায়নি, পাগলামি ও করেনি ।