কচুপাতায় টলমলে একফোঁটা জলের মতো মানুষের জীবন। অনিশ্চয়তার এই জীবনচিত্র আঁকার প্রয়াস থাকে সবারই হয়তো, তবে খসড়া করে একবারে তা আঁকা সম্ভব নয় কখনো। প্রতিটি জীবন স্বতন্ত্র। জন্মলগ্ন থেকে শুরু করে তা আপন ধারায় এঁকে যায় প্রতিদিন, প্রতিক্ষণ।
গৌরী দাশ গ্রামের অবহেলিত পরিবেশে বেড়ে ওঠা এক যুবতি। বারবার বাধার সম্মুখীন হয়েছে, আঁচড় খেয়েছে, জখম হয়েছে তার হৃদয়, তবুও থেমে যায়নি সে। মনের রহস্য উদ্ঘাটন করে নিজেকে আবিষ্কার করতে পারেনি সে কখনোই। বারবার নিজেকে অচেনা মনে হয়েছে তার। সমাজের ঘাত-প্রতিঘাত সহ্য করে প্রকৃতির ধারাবাহিকতায় অবশেষে যেভাবে অঙ্কিত হয়েছে তার জীবন, হয়তো সে কখনোই তা ভাবেনি।