আল্লামা শেখ সাদী (রহ)-এর আমলে বাদশাহ সাদ ইবনে জঙ্গী ছিলেন খুবই সম্মান ও মর্যাদার অধিকারী। তার সুনামের কথা মানুষের মুখে মুখে উচ্চারিত হতো। তাঁর খ্যাতি দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল এবং তাঁর মুখের কথাগুলো লোকে মন্ত্রমুগ্ধ হয়ে মধুর মত আহরণ করত ও তাঁর লেখা স্বর্ণের পাতায় লিখে রাখত। বর্ণনার ভাব ভঙ্গী ও ভাষার সৌন্দর্য ছিল অতুলনীয়। সে সময়ের বাদশাহ হিসেবে তিনি হযরত সোলায়মান (আ) এর মত ছিলেন। তাঁর রাজ্যের উপর আল্লাহর রহমতের ছায়া নেমে পড়েছিল। হে বিশ্বের পালনকর্তা! তুমি তাঁর উপর সন্তুষ্ট থাক এবং তাকেও সন্তুষ্ট রাখ, তোমার দয়ার দৃষ্টি দিয়ে তার বাসস্থান মনোরম ও সুন্দর করে দাও। কেননা তোমার বান্দারা ও সাধারণ লোকেরা তার মহব্বতে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল।