হামা বসে আছে পুরাতন জমিদার বাড়ির পিছনের দেবদারু গাছের মগডালে আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চারিদিকে জ্যোসনায় ফকফক করছে। হামার খুব ইচ্ছে করছে চাঁদটাকে ছুঁয়ে দেখতে। চাঁদটাকে ছুঁয়ে দেখার ইচ্ছে তার বহুদিনের পুরনো। কিন্তু আজ সে জেনে গেছে জ্বীনদের সব ইচ্ছে সবসময় পূরণ হয় না।
প্রতি পূর্ণিমায় তার মধ্যে একটা হাহাকার তৈরি হয় এবং মনের ভিতরের গোপন দুঃখটা মাথা চাড়া দিয়ে ওঠে, তখন তার মরে যেতে ইচ্ছে করে। কিন্তু মরে যাওয়া এত সহজ নয়। যদি সহজ হতো তাহলে শশীবালার সাথে সেদিনই সে এই পৃথিবী ছেড়ে চলে যেত। মাঝে মাঝে তার খুব আফসোস হয়, কেন সে মানুষ হয়ে জন্মালো না। তাহলে হয়তোবা এই অতৃপ্ত জীবন নিয়ে দীর্ঘ সময় বয়ে বেড়াতে হতো না তার।