ছোট্ট একটি শহর, মৌলবীবাজার। গ্রাম বা শহরের মাঝামাঝি তার অবস্থান, আমার মাতুলালয় তথা নানার বাড়ি। সেই শহরেই আমরা পাঁচটি সদ্য পিতৃহারা ভাইবোন থাকতে এলাম মায়ের সাদা শাড়ির আঁচল ধরে। আমার আব্বা ছিলেন সিলেট আলিয়া মাদ্রাসার অত্যন্ত জনপ্রিয় প্রিন্সিপাল, মৌলবী হাবিবুর রহমান চৌধুরী। সেই যুগে হবিগঞ্জের নবিগঞ্জ থেকে তিনি সুদূর আলিগড় বিশ্ববিদ্যালয়ে আরবি ও ফারসিতে মাষ্টার্স করে এসেছিলেন সিলেটে সেই মাদ্রাসার হাল ধরতে।
দক্ষ নাবিকের মতো তিনি তাঁর ব্যক্তিত্ব ও কর্মদক্ষতা দিয়ে মাদ্রাসাটির মান অনেক বর্ধন করেছিলেন। এসবই আমার শোনা কথা, কারণ বাবাকে দেখা বা তাঁর কোলে চড়ে আদর নেয়ার কোন স্মৃতি আমার নেই। বয়স যখন মাত্র এগারো মাস। তখনই আব্বাকে হারালাম। তিনদিনের জ্বরে সুপুরুষ সুস্বাস্থ্যের অধিকারী মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেলেন চিরতরে, আমার মাকে অশ্রুর সাগরে নিমজ্জিত করে।