সেরা দুঃসাহসী অভিযান
সামনে আকাশ ছোঁয়া পাহাড়। পেছনে গহীন অরণ্য। কোথাও কোনো পথঘাটের চিহ্নই নেই। বনের গাছে গাছে ঝুলে আছে বিষধর সাপ। বনময় রাজত্ব করছে হিংস্র প্রাণীরা। জঙ্গলের ভেতর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে বহু খাল। সেসব খালে গিজগিজ করছে ভয়ঙ্কর কুমিরের দল। সূর্য ডুবতে বেশি দেরি নেই। উঁচু উঁচু গাছের ছায়া এসে পড়েছে পাহাড়ের গায়ে।
একটু পরে ও রকম ছায়াতেই ঢেকে যাবে পৃথিবী। তখন আর সামনে এগোনোর উপায় থাকবে না। এ অবস্থায় কী করা যায়, তাই ভাবছিল বনের প্রান্তে দাঁড়ানো দশ-বারোজন মানুষের একটা দল। এমন সময় বেশ কাছাকাছি কোনো জায়গা থেকে ভেসে এল হায়েনার অট্টহাসি।