—আচ্ছা, আপনি জীবনে কতবার খোদাকে ডেকেছেন? খানিক নীরবতার পর হাদিদকে প্রশ্ন করে।
—অনেক বার। হাদিদের চোখের দিকে তাকায় ক্রিস্টিনা।
—আর আল্লাহকে?
বিষম খায় হাদিদ।
—কী?
—আল্লাহকে কয়বার ডেকেছেন? কণ্ঠে শীতলতা। ফের শুধায় ক্রিস্টিনা।
—খোদা আর আল্লাহর মাঝে কী পার্থক্য? বিস্ময় ঝরিয়ে জানতে চায় হাদিদ।
—আল্লাহ খোদার সত্তাগত নাম। এ নামে ডাকলে তিনি খুব কাছে আছেন বলে মনে হয়। অন্তরঙ্গ বন্ধুর মতো—যার কাছে নিশ্চিন্তে নির্দ্বিধায় গোপন ব্যথা প্রকাশ করা যায়।
চোখ সরিয়ে নেয়।
—হাদিদ! গতকাল আপনি বলেছিলেন না—যখনই আল্লাহকে ডেকেছেন, তিনি আপনার ডাকে সাড়া দেননি? যখনই নবির সাহায্য প্রার্থনা করেছেন, নিরাশ হয়ে ফিরে এসেছেন? আসলে কী জানেন? পুরো ব্যাপারটাই ইশকের সুতোয় গাঁথা। যখন আপনি কাউকে ভালোবেসে ডাকেন, তখন এটা সম্ভব নয় যে, সে আপনার থোরাই কেয়ার করবে।
কিন্তু এখানে আপনার ভালোবাসা ছিল না। ছিল চাহিদার প্রয়োজন। এজন্য আপনার শূন্য হাত শূন্যই থেকেছে।