উত্তর থেকে শিরশির করে বাতাস বইতে শুরু করেছে। রোদের ঝাঁঝ আসছে কমে। প্রখর তাপ নেই এখন। রোদ হয়েছে আলতো নরম। কী যে ভালো লাগে এই সময়টা আমার কাছে। ছাদে দাঁড়িয়ে আমি প্রকৃতির এই হঠাৎ পরিবর্তনকে অনুভব করতে চাই। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে ধুনুরীদের আনাগোনা। অদ্ভুত এক সুরে ডেকে যায় তারা। লেপতোষক বানাতে এসেছে। কত রকমের নকশা যে ওরা সেলাই করে লেপের ওপর তোলে। আমার কাছে ভালো লাগে পদ্মফুলের নকশা দেখতে। ছাদে বসে যখন টুংটাং টুংটাং শব্দ করে তুলো ধুনে যায় তখন চমৎকার লাগে। শিমুল তুলোর বীজ ভেসে ভেসে উড়ে যায়। আমি দেখি ওই উড়ে যাওয়া। ডারউইনের ডায়েরিতে আছে বীজের এই উড়ে যাওয়ার কথা। বালক ডারউইন ভাবতো এই বীজ হয়তো দূর কোনো দ্বীপে গিয়ে গাছের জন্ম নেবে। যেমন করে পাখিদের পায়ে লেগে উড়ে যায় বীজ। আমার কবিতার খাতায় আবেগ মিশিয়ে লিখি,