অহিদ সালিম এই সময়ের একজন তরুণ সংগীত ব্যক্তিত্ব। প্রায় দুই দশক ধরে সংগীতের সাথে তাঁর সম্পৃক্ততা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে কাজের সুবাদে এই ঘনিষ্ঠতা-বেড়ে ওঠা। গান লেখা, সুর করা, কণ্ঠ দেওয়ায় তার রয়েছে বিশেষ যোগ্যতা। ‘হৃদয় রাঙা সুর’ এটি একটি গীতিকাব্য। এই বইয়ে তিনি মহান আল্লাহ ও তাঁর রাসূলের প্রশংসামূলক পঙতি রচনা করেছেন। তার ব্যক্তিজীবনে যেমন জাগরণ চেয়েছেন তেমনি সমাজব্যবস্থার সবখানে সত্য-সুন্দরকে প্রতিষ্ঠার প্রত্যাশা করেছেন।
তিনি আঁধার তাড়িয়ে আলোর ফোয়ারা আনার তাগিদ অনুভব করেছেন। আর সেই আলোকিত সুদিন আনতে প্রয়োজনে শহীদি তামান্নার অভিব্যক্তিও প্রকাশ করেছেন। আমাদের জীবন ডায়েরি খুলে দেখা ও নিজের অর্জন নিয়ে আত্মসমালোচনার দুয়ার খোলার মজলিস বসিয়েছেন। সর্বোপরি বলা যায় তাঁর লেখায় আধ্যাত্মিকতার দ্যুতি ছড়ানো। ফুল-ফসলে ভরা এই দেশ অহিদ সালিমকে বেশ স্পর্শিত করে। এই দেশ নিয়েও রয়েছে তাঁর অনেক পঙতি।
বইয়ের দুনিয়ায় এটি তাঁর প্রথম যাত্রা। তাঁর সাহস, আগ্রহ ও একনিষ্ঠতা তাঁকে অনেক দূরে পৌঁছে দিবে সে প্রত্যাশা। আমরা তাঁর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।