হৃদয়ে পদ্মা অদূরে টেমস
ঘড়িতে এলার্ম বেজে উঠলো। পরীসীমার মনে হলো যেন একটা মৌমাছি তার সারা শরীরে হুল বিধিয়ে দিয়েছে। বিরক্ত হয়ে এলার্মটা বন্ধ করে দেয়। বেডসাইড টেবিলের উপরই ঘড়ি। এলার্ম বন্ধ করে কম্বলটি ভালো করে গায়ে জড়িয়ে আবার শুয়ে পড়ে। মিনিট পাঁচেক চুপ করে শুয়ে থাকে।
উঃ কি ভীষণ শীত। উঠতে ইচ্ছে হচ্ছে না। অথচ উঠতে হবেই। চাকুরি তাকে করতেই হবে। সারা সংসারের দায়িত্ব যে তারই ঘাড়ে। এক্ষুণি উঠতে হবে। ঘরের খুঁটিনাটি কাজগুলো গুছিয়ে নিতে হবে। তারপর বাচ্চাটাকে তুলে জামাকাপড় পরিয়ে খাইয়ে তৈরি করতে হবে। অফিসে যাওয়ার আগে বাচ্চাটাকে নার্সারীতে পৌঁছে দিতে হবে।