আজ কয়েক দিন ধরে হৃদয় স্বপ্ন দেখছে। একই স্বপ্ন বারবার দেখছে। ধারাবাহিক নাটকের মতো নয়। তিনটি বিচ্ছিন্ন ঘটনা। তিনটি ঘটনাতে ওর সাথে একটি রূপসী মেয়ে রয়েছে। ঐ রূপসীর অদৃশ্য টানে সন্ধ্যারাতেই ঘুমাতে যায়। স্বপ্নগুলো ওর মনে তোলপাড় করছে। আজও সময়ের আগে বিছানায় যায় হৃদয়।
মেয়েটির সোনালী বর্ণ চোখের দৃষ্টিতে সোনা ছড়িয়ে দেয়। মনে হয় কত হাজার বছরের চেনা। তা নয়। মেয়েটির সাথে স্বপ্নেই প্রথম দেখা। আপন মনে বলে ওগো সোনার মেয়ে কেগো তুমি? কী নাম তোমার। কখন যেন ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়তেই স্বপ্নে এসে যায় সোনার রূপের সোনার মেয়ে। হৃদয় জোরে ডাক দেয়-ওগো সোনার মেয়ে তীরে এস। সোনার মেয়ে খিলখিলিয়ে হাসে। সাথে হাসে নদীর তরঙ্গ।
হৃদয় আবার বলে কি হলো এসো।
– কেন যাবো?
— আমাকে নিয়ে যাও।
— তোমাকে নিতে তীরে যাবো? কে তুমি?
– আমি তোমার হৃদয়।