ইবাদতে মনোযোগী হোন
ইখলাস—ইবাদতের প্রাণ, আমলের হৃদস্পন্দন, আর সব গ্রহণযোগ্যতার মূল মাপকাঠি। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে নাকি প্রত্যাখ্যাত—তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে এই ইখলাসের ওপরই। অন্তরের আমলগুলোর মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ এবং সবচেয়ে মৌলিক বিষয়। বরং আদম (আ.) থেকে শেষ নবী পর্যন্ত সকল রাসূল (আলাইহিমুস সালাম) যে দাওয়াত নিয়ে এসেছেন, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে একনিষ্ঠতা—শুধু আল্লাহর জন্য আল্লাহর ইবাদত।
আল্লাহ তায়ালা বলেন—
“তাদেরকে তো কেবল এ কথারই নির্দেশ দেওয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে খাঁটি করে, একনিষ্ঠ হয়ে।” [সূরা আল-বাইয়্যিনাহ: ৫]
আর তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন—
“সতর্ক হও! খালেস (একনিষ্ঠ) দ্বীন একমাত্র আল্লাহরই জন্য।” [সূরা আজ-জুমার: ৩]
ইখলাস ছাড়া ইবাদত কেবল বাহ্যিক রূপ—আত্মাহীন দেহের মতো।