আমি সর্বত্রই উপস্থাপনা এবং পরিদৃশ্যমানতার ওপর গুরুত্ব আরোপ করেছি। তা ছাড়া বাংলা শব্দের অর্থগত সীমাবদ্ধনের মধ্যে মূল নাটকের সর্বনাশ এবং হাহাকারকে আমাদের ভাষায় ধ্বনিগত এবং অলঙ্কারগত ব্যঞ্জনায় উপস্থিত করার প্রয়াসী ছিলাম। এর ফলে আমার নাটকে গ্রিক কোরাসের অনেক পরিবর্তন ঘটেছে।
গ্রিক ট্র্যাজেডিতে কাহিনির গতিধারা ব্যাখ্যার জন্য সঙ্কট উন্মোচনের জন্য কোরাসের একটি বিশিষ্ট স্থান আছে। সমবেত কণ্ঠে কোরাসের বক্তব্য গীত হতো এবং সুরের তারতম্য ভেদে কোরাসের বিভিন্ন-স্তর বিভাগ ছিল। বাংলাতে কোরাসের অবিকল তাৎপর্য উপস্থিত করা অসম্ভব বিবেচনা করেই আমি কোরাসের বাণী বিন্যাসকে সংক্ষিপ্ত করেছি, সেই সাথে বাংলা নাটকে কোরাস সংগীত হিসেবে উপস্থিত নয়... সংলাপ হিসেবে উচ্চারিত হয়েছে।