অনেক পথ ঘুরতে হবে তার আজ। সেই সরকারবাড়ি, চেয়ারম্যানবাড়ি, উলিপুর, দুর্গাপুর ঘুরে তবেই ফিরতে হবে বাড়িতে। দানাদুটো পেটে তুলতে কম কোশেশ করতে হয় না তাকে। পা দুটো হাঁটতে হাঁটতে ছিঁড়ে পড়তে চায় যেন। ছেঁড়া কাঁথাখানা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গুছিয়ে নেয় সে। মাটির ওপরকার খড়গুলোর ওপরেই অভিশপ্ত দেহখানা চাপিয়ে দিতে হয় তাকে রোজ। কী ঠান্ডা। শীতের এই বরফে ঠান্ডা ফি-বছর তার জীবনের ওপর বরযে প্রচণ্ড আক্রমণ চালায় কিন্তু এ বছরের আক্রমণে বেশ কিছু ব্যতিক্রম। বরফ! বরফ পড়ছে যেন চারদিকে। পা দুটো মাটিতে ফেলতেই গা আঁতকে ওঠে ইউনুছের।