দীপ্র; মধুপল্লীর জহির তালুকদারের পৌত্র। স্বভাবচরিত্রে দীপ্র সীমাহীনভাবে সৃষ্টিছাড়া; খাপছাড়া। ওর শৈশব কৈশোর ও তারুণ্য ভ'রে অনবরত ঘ'টে গেছে অসাম্য আর অমিল; হয় দীর্ঘ হয়েছে তরবারি, হ্রস্ব হয়েছে খাপ; না হয় দীর্ঘ হয়েছে খাপ, হ্রস্ব হয়েছে তরবারি; খাপে খাপে মিলন ঘটেনি তরবারির।
দীপ্র'র প্রিয় রেলস্টেশনের নাম জামতৈল; স্টেশনটির লোকপ্রিয় নাম জামতৈল-ইস্টিশিন। রাজকন্যাঘটিত স্বপ্নদেখার বয়সে দীপ্র ছিলো বড়ো বেশি কল্পপ্রবণ। ওর স্বপ্নকল্পবিশ্বে ছিলোনা সাতসমুদ্র তেরোনদী পাড়ি-দেয়া ময়ূরপঙ্খি নৌকা; ছিলোনা তেপান্তরের মাঠ-পেরুনো পঙ্খিরাজ ঘোড়া; ছিলো রেলগাড়ি, যে- গাড়ি ছুঁয়ে যায় জামতৈল ইস্টিশিনের সুরভি-সমীর; যে-গাড়ির ফার্স্টক্লাসের জানালায় জ্বলে নভঃপুরীর রাজকন্যার জ্যোৎস্নারমিত মুখ। ভূতলের এক অসামান্য রূপসীর নাম সখি গোস্বামী; তার জনবিশ্রুত নাম সখি বোষ্টুমি। রায়পল্লীর বিখ্যাত গোস্বামীপরিবারে সখির জন্ম। গোস্বামীরা বৈষ্ণব ধর্মের অনুসারী। সখির পিতা হীরালাল গোস্বামী ছিলেন জননন্দিত কীর্তনীয়া।