পৃথিবীর অপূর্ব সেরা স্থাপত্যসমূহের অন্যতম বাংলাদেশের আইনসভা 'জাতীয় সংসদ' ভবন। এর অনুপম স্থাপত্য সৌন্দর্য দেশি-বিদেশি সকলকে মুগ্ধ করে। জাতীয় সংসদ ভবনের কেন্দ্র জুড়ে আকাশের দিকে উঠে যাওয়া অধিবেশন কক্ষের চূড়াটি দেখলে মনে হবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
১৯৭২ সালে প্রণীত সংবিধানে বাংলাদেশের আইনসভার নাম 'জাতীয় সংসদ'। সংবিধানে বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হবে'। রাজধানী ঢাকার জাতীয় সংসদের স্থায়ী আসন থাকবে। জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০। একক আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহ (constituency) হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তাঁরা জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণের দ্বারা নির্বাচিত হন। 'জাতীয় সংসদ নির্বাচন' গ্রন্থখানিতে ১৯৭৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১২টি সংসদ নির্বাচনের আসন ওয়ারি ফলাফল দেখানো হয়েছে। এর ফলে একজন পাঠক তাঁর নিজের অথবা বাংলাদেশের যে-কোনো একটি নির্বাচনি এলাকার বিগত ১২টি নির্বাচনের ফলাফল একটি পৃষ্ঠায় দেখতে পাবেন। এছাড়া সবশেষে ১-১২ পরিশিষ্টে সংরক্ষিত নারী আসনের ফলাফল দেওয়া হয়েছে।