ফাদার সিরিয়াসলি ইল। কান্ শার্প। টেলিগ্রামটা পেত না দীপু, একটুর জন্য পেয়ে গেল । ডাল দিয়ে মেখে সবে দু’গরাস ভাত মুখে তুলেছে, এমন সময় টেলিগ্রাম পিওন এলাে । খেয়েই বেরিয়ে পড়ার কথা, দুটো কুড়িতে চক্রধরপুরের বাস ছাড়বে, সেখান থেকে ট্রাক ধরে হেসাডি’র ডাক বাংলাে—তার সেখানকার ঠিকানা কারুর জানার কথা নয়। | অরূপ ভেবেছিল টেলিগ্রামটা তার। সে-ই ভাতের থালা ফেলে উঠে গিয়ে সই করে টেলিগ্রামটা নিয়েছিল। চাইবাসায় গত আটদিনের মধ্যে অরূপেরই তিনখানা চিঠি এসেছে, দীপু কোনাে চিঠি পায়নি—একেবারে টেলিগ্রাম। টেলিগ্রাম সম্পর্কে অনেকেরই ভয় থাকে, অরূপেরও আছে, খাম ছিড়ে সেটায় চোখ বুলিয়ে ফ্যাকাশে মুখে বললাে, দীপু, তাের।.....