জীবন নদীর স্রোত প্রবাহমান। কখনো সেখানে বিরাজ করে জোয়ার আবার কখনো ভাটা। পাওয়া, না-পাওয়ার সংমিশ্রণে পূর্ণতা পায় জীবন। সেই জীবন কখনো ধারণ করে রংধনুর মতো রঙিন সব রঙ আবার কখনো বা ধূসর সাদা। সময়ের সাথে সাথে রঙ বদলের এই পালাক্রম জীবনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের জীবনও একেক সময় একেক রঙ ধারণ করে। কখনো ধারণ করে বর্ষার ঘন কালো মেঘের রঙ, কখনো বা শীতের কুয়াশার চাদরে মোড়া ধূসর রঙ আবার কখনো শরতের আকাশের নীল রঙ। রঙ বদলের এই পালাক্রমের সাথে জীবনেও হাসি, কান্না, সুখ, দুঃখ, বিরহ, রাগ, অনুরাগের আবর্তন ঘটে। ‘জীবনের সাত রাঙা রঙ’-এ ঠিক তেমনি জীবনের রঙ অর্থাৎ অনুভূতিকে তুলে ধরা হয়েছে গল্পাকারে। যেই গল্পগুলোর জন্মদাত্রী হলো আমাদের বাস্তব জীবন।