শীতলক্ষ্যা খুবই শান্ত আজ। একেবারে থ মেরে আছে। পানির গায়ে মিলেমিশে তির-তির করে যেটুকু বাতাস বইছিল এতক্ষণ ধরে, তা কেবলই বন্ধ হয়ে গেল। একটুও ঢেউ নেই। যেন বদ্ধ পুকুর। নিরেট পানির বুকে ঢিল ছুড়লে যে তরঙ্গটুকু দেখা যায়, আজ মনে হয় তাও দেখা যাবে না এই বিশাল শীতলক্ষ্যায়। কাঠ কয়লার মতো কালো মেঘেরা লেপটে আছে আকাশের গায়ে। অদ্ভুত স্থির হয়ে দাঁড়িয়ে আছে হিজল গাছটি। একটি পাতারও যেন নড়চড় নেই। শিমুল গাছটির খরখরে মরা ডালে বসে কা-কা-কা-কা রব তুলেই চলেছে দাঁড়কাক।
মেঘের কোলে মুখ লুকিয়ে থেকে মাঝে মাঝেই উঁকিঝুঁকি মারে সূর্য। মেঘকে আর মেঘের মতো মন হয় না। মনে হয় এবড়োথেবড়ো করে আকাশজুড়ে কাজল লেপটে দিয়েছে কেউ। ভ্যাপসা গরম। গা রি-রি করে ওঠে। চারদিক খুবই সুনসান। মাথার মধ্যে ঝিঁ ঝিঁ করে ওঠে। খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে অনেক আগেই। নৌকা টেনে ডাঙায় তুলে রেখে কোথায় যেন চলে গেছে মাঝি। আবার শক্ত একটি বাঁশের খুঁটির সাথে মোটা শিকল জড়িয়ে তালা মেরে রেখেছে নৌকা। সকালটা একেবারেই সন্ধ্যার মতো ঠেকছে আজ।