হিমালয়ের বরফ গলে গলে হয়েছে নদী। পাহাড়ের গা বেয়ে, পাইনের বন পেরিয়ে, আঁকাবাঁকা পথে সে নদী নেমে এসেছে নীচু মাটিতে। মৌরী ক্ষেতের ধার দিয়ে, উইলো ঝাড়ের কাছ দিয়ে চলে গিয়েছে শহরের বুক চিরে। কাঠের ঘর-বাড়িতে ঢাকা দু'পাশের তীর; মধ্যিখানে ধীরে বয়ে যাচ্ছে জলধারা। অন্ধকারে দূর থেকে দেখায় যেন কনে বউ-এর মাথায় দু'পাশের কালো চুলের মাঝখানে একটানা সরু সিঁথিটি। ছোট্ট নামটি তার; সহজ ও মিষ্টি। ঝিলম। সকাল বেলা সোনালী রোদের আভা ঠিকরে পরে তার বুকে। সন্ধ্যাবেলা দোলে তারা-ভরা আকাশের ছায়া। ঝিলম ঝিলমিল করে দিন-রাত। নদীর কোল ঘেঁষেই উঠেছে দুধের মতো ধবধবে শ্বেত পাথরে গড়া মস্ত রাজপুরী। দুয়ারে তার সেপাই। সিঁড়িতে তার সান্ত্রী। দেউড়িতে সঙ্গীন উঁচিয়ে কুচকাওয়াজ করে উর্দিপরা পাহারাওয়ালার দল।