দাদা! একটু আশ্রয় দিবেন?'
জমির উদ্দিন মুন্সি মাগরিবের নামাজ শেষে পাশ ফিরে তাকিয়ে দেখল বারান্দার অদূরে মাধুরী বৈষ্ণবী করজোড়ে আশ্রয় প্রার্থনা করছে। জায়নামাজ ভাঁজ করে আরামে বসে আশ্রয় প্রার্থনাকারিণীকে জিজ্ঞেস করল, 'কি হয়েছে তোমার?' আবেদনকারিণী জোড়হস্তদ্বয় মুখমণ্ডল পর্যন্ত তুলে বলল, 'বিপদে পড়েছি দাদা, আশ্রয় চাই।'
: 'অহ বৈষ্ণবী, তুমি আমার দ্বারে! আমি তো ভাবতেও পারছি না, এ সন্ধ্যায় তুমি আমার কাছে আসবে। তা আমি তো মুসলমান; তোমাকে কী করে আশ্রয় দেবো?'
: 'তা জেনেই এসেছি, অনেক বিপদে পড়েছি দাদা, আর ইজ্জত রক্ষা করতে পারছি না; একটু সাহায্য পেলেই ইজ্জত রক্ষা হয়।' : 'আগে জানতাম তুমি ঘোষপাড়ায় থাকতে, কয়েক বছর আগেও ফালানী ফকিন্নীর বাড়িতে ছিলে; তা আমার এখানে কেন এসেছ?'