তিনদিন ধরে সূর্যের দেখা নেই। ঐরাবত মেঘের বিন্যাস আকাশে। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গায়ে মাঘের সুচ ফোটানো কনকনে উত্তুরে বাতাস। সারাদেশে জীবনযাত্রা বিপর্যস্ত। বৃষ্টি বাতাসের প্রাবল্যে বাংলোর চারপাশের মহুয়া, শাল, সেগুন মেহগিনি গাছগুলো থেকে ঝরে পড়েছে ঝরাপাতা। অরণ্যের ভেতর পায়ে চলার পথটুকু ভিজে পাতায় স্তূপাকার। ছায়া সুনিবিড় বন ছায়া। মোহ জাগানিয়া আবহ চারধারে।
টিয়া, বুলবুলির ক্যাচ-ক্যাচানিতে অনেকক্ষণ হলো সকালের আরামের ঘুমটা ভেঙ্গে গেছে অর্চি চৌধুরীর। ঘর্ঘর ঘর্ঘর। দূরগামী ধাবমান যন্ত্রযানের শব্দ। বৃষ্টি ভেজা পিচ্ছিল পথে যাচ্ছে আসছে যে যার গন্তব্যে। সিগারেটে অগ্নি সংযোগ করে সুখটান দেয় অর্চি চৌধুরী। মিথ অনুসারে দেবরাজ ইন্দ্র সৃষ্টির দেবতা। ইন্দ্রের সভা নর্তকী অপ্সরাদের মৃদময় পদক্ষেপে মেঘ চূর্ণ-বিচূর্ণ হয় এবং বৃষ্টিধারা নেমে আসে পৃথিবীতে। এ বৃষ্টি যেন অপ্সরাদেরই তরল