আশ্চর্য এক ঘোর লাগা চোখে ছবির মুখের দিকে তাকিয়ে আছে খালেদ। ছবিদের বাড়ির বিশাল লন লোকে লোকারণ্য। যেখানে যত আত্মীয়-স্বজন আছে সবাই এসেছে। ছবির বন্ধু-বান্ধব, পরিচিতজন, খালেদ এবং তার কয়েক বন্ধু, এমনকি এলাকার লোকজনও, যারা ছেলেবেলা থেকে ছবিকে দেখে আসছে, সবাই। আহা এতকালের চেনা মেয়েটি তাদের!
ছবির মা অজ্ঞান হয়ে আছেন তাঁর রুমে। মাথার কাছে বসে আছেন খুব কাছের কয়েকজন আত্মীয়। আত্মীয়দের মধ্যে একজন ডাক্তারও আছেন। কিছুক্ষণ পরপর ভদ্রমহিলার পালস দেখছেন তিনি।
ছবির বাবা বসে আছেন বারান্দার একটি ইজিচেয়ারে। একেবারেই বিধ্বস্ত, ভাঙাচোরা অবস্থা তাঁর। কিন্তু তিনি আছেন পাথর হয়ে।