বাবলুর সঙ্গে হঠাৎ করেই বর্ষার হোটেল ফ্ল্যামিঙ্গোর ক্যাসিনোতে দেখা। বাবলু ইঞ্জিনিয়ার। ফ্লাগস্টাফ শহরে একটা প্রাইভেট ফার্মে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। ফ্লাগস্টাফ আমেরিকার আরিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহর। শহরটি ছোট হলেও এর গুরুত্ব কম নয়। গ্র্যান্ড ক্যানিয়নের বেশির ভাগ টুরিস্ট এখানে এসে ভিড় জমায়। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় সাত হাজার ফুট উঁচু এই শহরটিতে সারা বৎসরই শীত থাকে। পাইনবৃক্ষে ঘেরা পাহাড়ি শহরটি চমৎকার।
বাবলুকে অফিসের কাজে মাঝে মধ্যে লাসভেগাস, গ্রান্ড ক্যানিয়ন ও সেডোনা শহরে যেতে হয়। এর আগেও একবার প্রজেক্টের ব্যাপারে লাসভেগাস এসেছিল। এবারও কয়েকদিনের জন্যে গতকাল এখানে এসেছে। এখানকার প্রজেক্ট ইনচার্জ জর্জ চাকুরিতে অধস্তন হলেও বয়সে বড়। বড়। জ জর্জ সন্ধ্যায় টেলিফোন করে জিজ্ঞেস করল, মি, বাবলু তুমি কি ব্যস্ত?
না তো! কেন!
ভাবলাম তুমি যদি ফ্রি থাক তাহলে আমরা একসাথে ঘুরেফিরে আলোয় ঝলমলে লাসভেগাস শহরটা উপভোগ করতে পারি।
বাবলু হেসে বলল, বেশ।
ওরা গাড়ি নিয়ে বের হলো। বুলোভার্ড রোড ধরে লাসভেগাস স্ট্রিপে এল।