পদ্মাপাড়ের একটি অখ্যাত গ্রাম সোনাইকান্দা। অতি দরিদ্র মানুষের বসবাস। এ গাঁয়ে কৃষক-মজুর, কামার-কুমোর ছাড়াও কয়েকঘর জেলে পরিবারেরও বসতি রয়েছে। সাধারণত কৃষিকাজ, মাছধরা এবং ফেরিঘাটে মজদুরি করাই এদের প্রধান পেশা।
আষাঢ় মাসের শেষের দিকে অর্থাৎ শ্রাবণের আগমনিবার্তায় পদ্মা যেন ফুলে ফেঁপে একাকার হয়ে ওঠে। এবারও তাই হয়েছে। নদীর দু'কূল ছাপিয়ে চারদিকের গ্রামীণ জনপদে পানি ঢুকে পড়েছে। পুকুর, ডোবা, হালট, রাস্তাঘাট ফসলের মাঠ, বাঁশঝাড় সবখানেই বর্ষার নতুন পানি থইথই করছে। কারও বাড়ির উঠোনেও বয়ে যাচ্ছে পানির স্রোত। ঋতু বৈচিত্র্যের এ দেশে বর্ষার অপরূপ সৌন্দর্য প্রকৃতিকে আরও মোহময় করে তোলে। চারদিকে আনন্দ উচ্ছ্বাস। ছেলে- বুড়ো সবাই ব্যস্ত। ছোট ছোট ছেলেমেয়েরা দলবেঁধে গোসল করতে নেমেছে। গ্রামের বউ-ঝিরা ঘাটপাড়ে নতুন পানিতে কাপড়-চোপড় থালাবাসন ধোয়ার কাজে ব্যস্ত।