গাপ্পু ভাইকে ডাক্তার কী যে বলে দিলেন, তার নাওয়া-খাওয়া যেন হারাম হলো!
সকাল-বিকাল পড়ে পড়ে ঘুম আর ফাঁকে ফাঁকে খাওয়া আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াই যার কাজ ছিল, সে কিনা এখন ঘুম পেলেই উঠে হাঁটাহাঁটি শুরু করে। আর খাওয়া-দাওয়া?
বাজারে প্রতুল ঘোষের চা-মিষ্টির দোকানে চা খেতে যাওয়া যে লোকগুলো গাপ্পু ভাইয়ের তৃপ্তির ঢেকুর তুলে মাখন-ছানা-মিষ্টি খাওয়া দেখে নিজেদের জিভে জল আসা ঠেকাতে পারত না, তারা এখন বেশ শান্তিতে আছে। কেননা প্রতুল ঘোষের দোকানে এখন আর গাপ্পু ভাইকে দেখা যায় না বললেই চলে। তাই গাপ্পু ভাইয়ের খাওয়া দেখে ওসব লোকের জিভে জলও আসে না, আর অন্যের খাওয়া দেখে নিজের খাওয়ার সাধও জাগে না। পকেটের পয়সাও বাঁচে।