তারা যেন অনন্তকাল ধরে বসে আছে মুখোমুখি-চোখে চোখ রেখে, কিংবা পাশাপাশি-গায়ে গা ছুঁইয়ে। অথবা এর কোনটাই নয়, হাতে হাত রেখে চলছে তারা নিরবধি; বাহুতে কোমর জড়িয়ে খানিক দাঁড়িয়ে কখনো করছে খুনসুটি। সেই সাথে চলছে দুজনার বিরামহীন কথোপকথন। জীবনের সবথেকে মধুর সময়টাতে এসেছিল কাছে, জড়িয়ে পড়েছিল ভালবাসার বন্ধনে। কিন্তু পরিণতি পায়নি সেই সম্পর্ক। দুজনের পথ দুই দিকে-গিয়েছিল বেঁকে। আবার কখনো এক হবে, এমনটাও পারেনি ভাবতে। কিন্তু মানুষের জীবনে শেষ কথা বলে আসলেই কি কিছু আছে? নিয়তির খেলা বোঝা কি এতই সহজ? নিশ্চয়ই নয়! দীর্ঘ দেড় যুগ পর তাই দেখা হল আবারও। বন্ধুর সময় পাড়ি দিয়ে আজও তারা একাই আছে। ভালবাসার ডালি নিয়ে নতুন কেউ এসে জড়িয়ে পড়েনি তাদের জীবনে। আবারও দুজনের কাছে আসাতে, ভালবাসায় জেগে থাকাতে, কিংবা নুতন করে ঘনিষ্ঠ হতে তাই সমস্যা হল না কোন। এতগুলো বছরের ব্যবধান ঘুচে গেল মুহূর্তের ভিতর। কত-কত না বলা কথা, বুকে জমে থাকা এক রাজ্য অভিমান, দুঃখ, যন্ত্রণা আর ভালবাসার পঙ্ক্তিমালায় মুখরিত হয়ে উঠল তাদের সময়। চলতে লাগল মালা গাঁথা-কথার পর কথা।