লাকসাম। প্রায় তিন লাখ মানুষের বসবাস এই শহরে। বেশিরভাগ মানুষই শহরের বাইরে থাকে। আর যারা শহরে থাকে তাদের সবাই সবাইকে কমবেশি চিনে জানে। লাকসাম বাংলাদেশের একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী শহর। বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জাংশনের মাধ্যমে ঢাকা চিটাগাং চাঁদপুর এবং নোয়াখালীর মধ্যে সেতুবন্ধন রচনার ফলে লাকসাম শহরের পরিচিতি ব্যাপক।
কত লাকসাম কত বাত্তি নামে লাকসাম এক সময় সারা বাংলাদেশে ব্যাপক পরিচিত ছিল। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সারা বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে। এই আধুনিকতার ছোঁয়া থেকে লাকসাম শহরও বাদ পড়েনি। দ্রুতগতির ইন্টারনেট, মোবাইল, ব্যাংকিং, মার্কেট, উঁচু দালানের আধুনিক বাসা সহ সকল প্রকারের সুযোগ সুবিধা নিয়ে ধীরে ধীরে গড়ে উঠছে একবিংশ শতাব্দীর আধুনিক লাকসাম শহর।