টুকী?
টুকী বলে,-উ'।
টুকীর ঐ আনমনা জবাবটা লোকের ভারী মিষ্টি লাগে; যার সম্মুখে পড়ে, যে দেখে, সেই ডাকে-টুকী?-টুকী অমুনি স্বচ্ছন্দে সঙ্গে সঙ্গে সাড়া দেয়,-উ'। কেউ হাসিয়া চলিয়া যায়; কেউ তার গালে আদরের একটা ঠোনা মারে; কেউ দাঁড়াইয়া মেয়েটিকে খানিক দেখে। টুকী রাস্তায় লেপ্টাইয়া বসিয়া ধুলা জড় করিয়া গম্বুজ বানায়-থাবড়াইয়া থাবড়াইয়া তাহাকে মজবুত করে-আর লোকের ডাকে নির্বিকারে সাড়া দিয়া যায়, দেরী করে না, কাহাকেও বঞ্চিত করে না।
কেবল তার জবাবটি শুনিতেই লোকের নিষ্প্রয়োজনের আগ্রহ। কাহারো দিকে সে মুখ তোলে না; যে তুলিয়া দেখিতে চায় তাহাকেও নিরাশ করে না।
প্রতিবেশিনী ত্রিনয়নী বলে,-আহা, মা-মরা মেয়েটি। -বলিয়া নিঃসন্তানা করুণ চক্ষে টুকীর দিকে চাহিয়া থাকে।
তার পাশের বাড়ীর উমাশশী বলে,-মেয়েটিও ম'লো বলে'; গাড়ী চাপা ত' সেদিন পড়েইছিল; আমাদের হীরেলাল ছুটে গিয়ে তুলে আনলে।