ঢাকার সূত্রাপুরের জমিদারপুত্র বিপ্রজিত রায় চৌধুরী, বিলাত থেকে পড়াশোনা করে দেশে এসেছে। সময়টা তখন ১৯১১ সাল। ভারতবর্ষের সমাজ ব্যবস্থা তখন কুসংস্কার, ধর্মান্ধতা, জাত-পাত আর হিন্দু মুসলিম দাঙ্গায় জর্জরিত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিপ্রজিত এসব দেখে প্রচণ্ড মর্মাহত হয় এবং স্থায়ীভাবে বিলাতে বসবাসের পরিকল্পনা করে। ইতিহাস যাকে অমরত্বের মুকুট পরানোর সিদ্ধান্ত নেয়, তাঁর জীবনের পথচলা কী আর সাধারণ মানুষের মতো থাকতে পারে! বিশেষ এক ঘটনা ঘুরিয়ে দেয় তাঁর জীবনের মোড়। জমিদারির আভিজাত্য আর বিলাতের নিশ্চিন্ত জীবনকে ছুড়ে ফেলে সে বেছে নেয় বিপ্লবের রক্তিম যাত্রা। সেই যাত্রাপথে তার প্রেম হয়েছিল। কিন্তু প্রেম আর দেশপ্রেমের দ্বন্দ্বে, প্রেমকে নিঃসংকোচে মাথা নত করতে হয়েছিল মাতৃভূমির পবিত্র আহ্বানের সামনে।