ধানমণ্ডি কলাবাগান ওভার ব্রিজের পাশের গলির শেষ প্রান্তের বিল্ডিংটায় একটা ছেলে থাকে। বয়স কতো হবে, চব্বিশ কিংবা পঁচিশ। ছেলেটার পৈতৃক নাম মুহাব্বত। গ্রামে সবাই তাকে ওই মুহাব্বত নামেই ডাকে। নামের মধ্যেও যে একটা ব্যাপার থাকে, এই ব্যাপারটা মুহাব্বত যখন বুঝলো তখন সে তার মা- বাবার ওপর ভীষণ ক্ষেপে গেলো। বাবার সামনে দাঁড়াতে না পারলেও একদিন সে তার মায়ের কাছে এসে বললো, 'মা, বাংলা অভিধানে কি শব্দের সংকট পড়ছিলো? কি নাম রাখছো এটা, মুহাব্বত। মুহাব্বত কোন নাম হলো? আদিম আমলের নাম। এই নাম আধুনিক যুগে বেমানান।'
তার মা বললেন, 'নামের আবার মানান বেমানান কীরে! নাম একটা হলেই হলো। নাম হলো পরগাছা। সে বাঁচে কর্মের ওপর। নাম নিয়ে চিন্তা ফিকির না করে কর্মের ওপর মনোযোগ দে। পড়াশুনা ঠিকমতো কর।' মুহাব্বত এসব শোনে না। সে জীবন দেবে তবু এই নাম বহন করবে না।