মাও সে-তুঙের এ বইটি প্রথম চীনদেশে প্রকাশিত হয়েছিল ১৯৬৪ সালে। এটি মাও সে-তুঙের কোনো মূল বই নয়। এ বইয়ে যেসব উদ্ধৃতি সংকলিত হয়েছে ওগুলো মাওয়ের বিভিন্ন লেখা এবং বক্তৃতা থেকে নির্বাচিত বাণী। ছোট আকারে লাল মলাটে বাঁধাই করা এ বইটি সারাবিশ্বে তখন বেশ জনপ্রিয়তা পায়। মূলত বইটি করা হয়েছিল মানুষকে অনুপ্রেরণা যোগাবার লক্ষ্যে। বইটি যাতে সহজে বহন করা যায় তারজন্য এটি আকারে ছোট করা হয়। প্রাশ্চাত্যে এটি 'লিটল রেড বুক' নামে পরিচিত। বলা হয়ে থাকে ১৯৬৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সময়ে বিশ্বে সবচে বেশি পঠিত বই এটি।
আগেই বলেছি বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে। তার দুই বছর পর, অর্থাৎ ১৯৬৬ সালে দ্বিতীয় সংস্করণের বইটি প্রকাশ পায়। এই দ্বিতীয় সংস্করণের বইটিই আহমদ ছফা অনুবাদ করেন ১৯৬৭ সালে, অর্থাৎ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হবার পরের বছর। প্রকাশ করেছিল তৎকালীন প্রকাশনা সংস্থা 'প্রকাশ ভবন'। প্রকাশক ছিলেন এম. আবদুল হক। ওই বছরে আহমদ ছফার প্রথম বই 'সূর্য তুমি সাথী' এবং 'তানিয়া' প্রকাশিত হয়েছিল। একজন লেখক একই বছরে তিনটি বই প্রকাশ করে নিজের লেখকসত্তার জানান দেয়া এটা এক অভাবনীয় ঘটনা।