কাল সারা রাত বৃষ্টি হয়েছে। হোটেলের লবি থেকে রাতেরবেলায় কেউ বের হতে পারেনি। ভরা পূর্ণিমা থাকলেও লবিতেই বসে অলস সময় কাটিয়েছে বেশির ভাগ দর্শনার্থীরা। দু-তিন দিন থেকেই আবহাওয়া খারাপ ছিল। কিন্তু বৃষ্টি হয়নি। বিকেলবেলাতেও অনেক বাতাস ছিল চারদিকে। বৈরী আবহাওয়া পূর্বাভাস উপেক্ষা করে মানুষের ঢল নেমেছিল সমুদ্রের পাড়ে।
কত কত মানুষ! কম বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই এসেছিল সমুদ্রের গর্জন শুনতে। দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের ভিড়ে সরগরম সমুদ্রসৈকত। কত মানুষের কত রকমের চলাফেরা!
কেউ আনমনে একলা হেঁটে যাচ্ছে অজানা গন্তব্যে, কেউ ডাবওয়ালার কাছে ডাব খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে আবার কেউ কেনাকাটায় ব্যস্ত। কেউ হ্যাট কিনছে, কেউ শামুক-ঝিনুকের দোকানে নিজের নাম লিখে নিচ্ছে মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে। সূর্য যখন অস্ত যায় যায় তখনকার মুহূর্তগুলোতে ফটোগ্রাফারদের কদর বেড়ে যায় অনেক বেশি।