অন্য কারো নয়, এ দেশ আমার। এ উক্তি মৌমিতার। তবে ভিন্ন মত বড় হুজুরের। এ উক্তি শোনা মাত্র ক্ষেপে যান বড় হুজুর। মেয়েটি মাতৃগর্ভ হতে ধুলির ধরায় আসার পরে হুজুর আবার স্বপ্নবাজ হয়ে ওঠেন। মুক্তিযুদ্ধের সময়ে তার স্বপ্নপাখির ডানা ভাঙে। ভেঙে যায় সাধের পাকিস্তান। আহা, কী ব্যথা বুকে।
ক্ষতবিক্ষত হৃদয়ে আগাম স্বননের অপেক্ষা। আলবৎ ভবিষ্যতের আওয়াজ শোনা যাবে। স্বাধীনতা উত্তরকালে আবার বেঁচে থাকার চেষ্টা। মেয়েটি হয়ে ওঠে তার পাথেয়। অবলম্বন। একমাত্র আশা জাগানিয়া। এবার সে গুড়েও বালি। অপদার্থ। মেয়েটিকে অপদার্থ ভাবতেই তার বুকের মধ্যে কেমন যেন লাগে। ব্যথা অনুভব হয় কিনা বলতে পারে না। তবে চিনচিন করে। কাঁপুনি দেয়। আগে হার্টের অসুখ ছিল না। ইদানিং বুকের ভেতর ধুকধুকানি বাড়ছে। মেয়েটার জন্য আর পারা গেল না।
অসম সংকট। পাকিস্তান ভাঙার সংকটে দুটি দেশের জন্ম। বাংলাদেশের স্বাধীনতা অর্জন এখনও বিষিয়ে তোলে তার শরীর। যদিও সে জানে, তার তনুমন রণক্ষেত্রে রাজাজ্ঞায় নির্বিকার নিরস্ত্র সেনাপতি।