আমাদের পৃথিবী থেকে বহুদূরে অন্য এক সৌরজগতে প্যালপেটিন নামের এক অশুভ শক্তিকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী প্রশাসক আর আমলারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করল । ছােট ছােট কয়েকটা গ্রহ বিদ্রোহ করল, কঠোর হাতে তাদের দমন করল সম্রাট। জেডি নাইটদের হত্যা করে মেরুদণ্ড ভেঙে দিল বিদ্রোহীদের । সাপ যেমন শিকারকে ধীরে কিন্তু নিশ্চিতভাবে গ্রাস করে, তেমনিভাবে মহান গণতন্ত্রকে গিলে নিয়ে নিজেকে নিরাপদ ভাবল প্যালপেটিনঅজগর। কিন্তু শেষ রক্ষা হলাে না। আশপাশের বিভিন্ন গ্রহের মানুষেরা একজোট হলাে। রাজকুমারি লেইয়া অরগানার নেতৃত্বে, আর ট্যাটুইন গ্রহের অকোতুভয় এক ভবঘুরে মহাকাশচারী যুবক লিউক স্কাইওয়াকারের সাহায্যে পাল্টা আঘাত হানল নির্যাতিত জনতা। দুই পক্ষেই যােগ দিল মারাত্মক সব প্রাণীরা । মহাকাশে বাঁধল এক ভয়ঙ্কর মহাযুদ্ধ । শক্তির সে-মহালড়াইয়ে কে হারে কে জেতে, বলা কঠিন ।