মোনাজাতউদ্দিন স্বপ্নে কখনও ওড়েনি। এই জন্যে খুবই আফসোস হয় তার। গড়পড়তা সব মানুষই নাকি একবার না একবার দেখে স্বপ্নটা। এমন কথা সে পড়েছে পত্রিকায়। তাহলে সে কেন দেখে না? গড়পড়তা মানুষের মধ্যে সে পড়ে না? অথচ স্বপ্নটা দেখতে চায় সে।
মনেপ্রাণে চায়।
একবার দেখতে চায় সে উড়ছে।
কিন্তু দেখে না।
অথচ অথচ অথচ অথচ, অনেক 'অথচ' মাথায় নিয়েও, সে ভাবে, সে একদিন দেখবে স্বপ্নটা। কেন ভাবে? উড়ে সে কোথাও চলে যেতে চায়? চায় হয়তো। কিন্তু তার কাছেই স্পষ্ট না ব্যাপারটা। কোথায় যাবে সে? উড়ে কখনও কোথায় কে যায়?
মোনাজাতউদ্দিন নিরীহ প্রাণী। বর্তমান সঠিক বয়স সাতচল্লিশ।