সাত পাড়ার গ্রাম উদয়পুরে নব জাতের বসতি। ব্রাহ্মণ, কায়স্থ, বণিক, কৈবর্ত, মাঝি, সূত্রধর, কামার, কুমার এবং চর্মকারসহ বহু সম্প্রদায়ের লোকজন, বিভিন্ন পাড়ায় বসবাস করেন। জমিদার সূর্যকান্ত বসুর স্ত্রী বিভাবতী দেবী, তাদের ছেলে সুশান্ত শেখর বসু যার স্ত্রীর নাম রমারানি বসু। তাদের দুই ছেলে, বসন্ত শেখর বসু ও জয়ন্ত শেখর বসু এবং একমাত্র কন্যা ইন্দুরানি বসু।
জয়ন্ত শেখর বসু মোস্তফা হায়দার নাম নিয়ে ইসলামধর্ম গ্রহণ করেন এবং পৈতৃক জমিতে ঘরবাড়ি তৈরি করে আরও একটি পাড়া ও সম্প্রদায়ের সূচনা করেন। উদয়পুর এখন আট পাড়ার গ্রাম আর দশ জাতের বসতি হিসেবে সুপরিচিত। দশম মুসলমান পাড়ার গোড়াপত্তন করেন সদ্য ধর্মান্তরিত জমিদার মোস্তফা হায়দার। কিছু কিছু গোঁড়া আত্মীয়স্বজন ছেলেকে ত্যাজ্যপুত্র করার জন্য সুশান্ত শেখর বসুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু তার মা বিভাবতী দেবী দৃঢ়কণ্ঠে ছেলেকে জানিয়ে দেন, তিনি যেন এক সপ্তাহের মধ্যে অধিকারসূত্রে প্রাপ্য নাতি জয়ন্ত বসুর বিষয়-সম্পত্তি হস্তান্তর করেন। বাবার অবর্তমানে মায়ের আদেশ অনুযায়ী সুশান্ত শেখর বসু ছেলেকে ডেকে পাঠালেন।