মুখের অভ্যন্তরভাগ যখন স্বাভাবিক অবস্থায় আর্দ্র থাকে না, তখন এ অবস্থাকে শুষ্ক মুখ বা জেরোসটোমিয়া বলা হয়। শুষ্ক মুখ অত্যন্ত বিড়ম্বনাকর এক অনুভূতি। এটি কোনভাবেই অবহেলার বিষয় নয়। কারন শুষ্ক মুখ যেমন বিভিন্ন রোগের কারণে বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে, তেমনি একই ভাবে শুষ্ক মুখের কারণে মুখের অভ্যন্তরে নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে। লালা গ্রন্থিগুলোর কার্যকারিতা কমে যাওয়ার কারণে মুখের শুষ্ক ভাব বিরাজ করতে পারে যা লালা উৎপন্ন করে থাকে। লালার প্রবাহ কমে গেলে মুখের এবং দাঁতের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। জেরোসটোমিয়া বা শুষ্ক মুখ হলে দাঁতে খাদ্য কণা এবং প্ল্যাক জমা হয়ে থাকে। এ কারণে দাঁতে ক্ষয় এবং মাড়ি রোগ দেখা দিতে পারে। লালা হল শরীরের নিজস্ব পরিষ্কার ব্যবস্থা। লালা দাঁতের উপরিভাগের খাদ্য কণা, প্ল্যাক অপসারণে সাহায্য করে থাকে। লালা দন্তক্ষয় যাতে না হয় তাতে সাহায্য করে থাকে। লালা দাঁতের উপরিভাগ পরিষ্কার করে এবং এসিডকে স্বাভাবিক অবস্থায় রাখতে সাহায্য করে। যাদের শুষ্ক মুখ থাকে তাদের দাঁতের গোড়ায় ক্ষয় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।