‘মুনতাহা আমার পতাকা’ বাংলাদেশের প্রথম যুগকেন্দ্রিক উপন্যাস। প্রথম যুগের পুরোটা নয়, খানিকটা। এক যুগে কতটা বাড় বাড়ন্ত হলো শিশু-বাংলাদেশ তার কয়েকটা মোটা দাগের ফোঁটা। সেখানে মুক্তিযুদ্ধজাত দেশটির স্বাধিকার সংগ্রাম ও ইতিহাস-রাজনীতির ইঙ্গিত যেমন রয়েছে, রয়েছে প্রতিবিপ্লবের মহড়ায় নৃশংস রক্তপাত আর সামরিক শাসনের ছায়া। বাদ যায়নি তাতে যুদ্ধশিশু পাচারের প্রসঙ্গও।
বারোয়ারি মানুষের মেস ‘সর্দার কলোনি’-নির্ভর এই গ্রন্থে পাঠক আরোও মুখোমুখি হন প্রেমে অপ্রেমে থাকা মধ্যবিত্ত তরুণ আবরারের টানাপোড়েন এবং চুয়াত্তরের দুর্ভিক্ষে বাস্তুচ্যুত মুনতাহার দারিদ্র্র্য অতিক্রমের মেহনতের। যৌনতা মাদক সর্দার কলোনির আরেক অনুষঙ্গ, যার শীর্ষ অনুঘটক একজন লিপ্সাতাড়িত মতি মাস্টার।
ইকতিয়ার চৌধুরীর রাজনীতি-মনস্ক এই গ্রন্থের মর্মার্থ পুরোটাই অবারিত। আড়ালটুকু শুধু আবরার-মুনতাহার অসম প্রেম এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রগতির পাশাপশি তাদের যৌথ জীবনের অগ্রসরসমানতা।