একটা ছোট্ট বাবু, নাম তার মৌন। বয়স মাত্র দুই বছর। সে মুড়ি খেতে ভালোবাসে- কুটুস কুটুস করে, ছোট ছোট আঙুলে, একটুখানি হাসি নিয়ে। কিন্তু মুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে ঘরের মেঝেতে পড়ে যায় শত শত মুড়ি, আর সেই দুষ্টু মুড়িগুলো দখিনা বাতাসে ঘরময় দৌড়ে বেড়ায়।
এই গল্প শিশুর হাসি অভিমান আর কল্পনার রঙে রাঙানো এক জগত- যেখানে গাছের ডালে মুড়ি ধরে, আর গাছের নিচে পড়ে থাকে সাদা মুড়ির ফুল। মৌনের চোখে দেখা সেই জাদুকরী পৃথিবী, যেখানে দুঃখের পরে আসে হাসি আর বকুনির পরেই আসে আদর।
সাব্বির বিশ্বাস তাঁর কোমল ভাষা আর গল্প বলার মায়ায় এঁকেছেন এক অনন্য শিশুতোষ দুনিয়া- যা ছোটদের মন ছুঁয়ে যাবে আর বড়দের মনে জাগাবে শৈশবের মিষ্টি স্মৃতি। “মুড়ি ধরেছে গাছে” শুধু একটি গল্প নয়, এক টুকরো জাদু। যেখানে কল্পনা, আবেগ এবং বাস্তবতার মিশেলে তৈরি হয়েছে মন ছুঁয়ে যাওয়া এক মিষ্টি গল্প। শিশুর হাসির মতো মিষ্টি।