জিহাদের রক্তশূন্য ফ্যাকাশে মুখটা তখনো আমার চোখের সামনে ভাসছে। কানে আসছে গলা বসে যাওয়া ক্ষীণ আওয়াজ- 'বন্ধুরা কথা দাও, গণতন্ত্র প্রতিষ্ঠার এই আন্দোলন তোমরা চালিয়ে যাবে। নেতারা ভুল করলেও তোমরা এ মাটির সাথে বিশ্বাসঘাতকতা করবে না।'
রিপোর্ট লেখা শেষ করেছি কিন্তু ভুলতে পারছি না হাসপাতালের সেই দৃশ্য। পুলিশের গুলিতে ঝাজরা হয়ে যাওয়া জিহাদ কথাগুলো বলতে বলতে বেডের ডান দিকে ঢলে পড়লো। উপস্থিত বড় দলগুলোর অঙ্গসংগঠন ছাত্রদের নানা দলের নেতারা দলমত উপেক্ষা করে একে একে জিহাদের রক্তমাখা শরীরে হাত রাখলো। উচ্চস্বরে প্রতিজ্ঞা করলো, 'তোমার রক্ত বৃথা যেতে দেবো না। স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলন আমরা সফল করবোই।'