অনেক দিনের পুরনো, নানা বিষয়ের ওপর নানা ধরনের বই সংগ্রহ
করাটা আমার নেশার মত। তাই সপ্তাহে বেশ ক'বার আমাকে নীলক্ষেত
যেতে হয়, পুরনো বইয়ের দোকানে। নীলক্ষেতের এক পুরনো বইয়ের
দোকানদার শাহজাহান। তার সঙ্গে আমার খুব খাতির। পুরনো কোন বই
পেলেই সে আমার জন্য তা আলাদাভাবে রেখে দিয়ে, আমাকে জানায়।
আমি এসে যদি পছন্দ হয় তবে কিনে নেই। অবশ্য এ জন্য সে বইয়ের
দামের সঙ্গে একটা ভালো পরিমাণের বখশিশও পায়। আর আমি এমনও
অনেক পুরনো বই কিনি যেটার অস্তিত্ব একেবারে বিলুপ্ত হবার পর্যায়ের।
অন্য কেউ সে বই কিনবে না। সে বই আমি কিনে নেই বলে পুরনো
বইয়ের দোকানগুলোতে আমার একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে।
আজ সকালে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে যখন নাস্তা করতে বসেছি
তখন হঠাৎ আমার সেলফোনটা বেজে উঠল তীক্ষ্ণ স্বরে। রিসিভ করতেই
ওপাশ থেকে ভেসে এলো পুরনো বইয়ের দোকানদার শাহজাহানের
গলা, 'ওস্তাদ একটা ফাশকেলাস বই পাইছি। এমুন পুরানের পুরান।