“হে আবদুর রহমান! তুমি নেতৃত্ব (ইমারত) চেয়েো না। কারণ, যদি তুমি চেয়ে তা পাও, তবে তোমাকে এর ওপর সোপর্দ করা হবে (আল্লাহর সাহায্য পাবে না)। আর যদি না চেয়ে তা পাও, তবে তোমাকে এর ওপর সাহায্য করা হবে।” [সহিহুল-বুখারি: ৭১৪৭; সহিহ মুসলিম: ১৬৫২]
যে বিষয়গুলো হৃদয়ের ইখলাস (একনিষ্ঠতা) ও তাওহিদকে নষ্ট করে দেয় এবং দুনিয়ার প্রতি আকর্ষণ ও আখিরাত থেকে বিমুখতা সৃষ্টি করে, সেগুলোর মধ্যে অন্যতম হলো নেতৃত্বের মোহ (হুব্বুর রিয়াসাহ)। এটি এক দুরারোগ্য ব্যাধি, যার পথে অর্থসম্পদ ব্যয় করা হয়, যার জন্য রক্তপাত ঘটানো হয় এবং যার কারণে ভাইয়ে ভাইয়ে, এমনকি পুত্র ও পিতার মাঝেও শত্রুতা ও ঘৃণা জন্ম নেয়। আর এ কারণেই এই ব্যাধিকে ‘গোপন কামনা’ (আশ-শাহওয়াতুল খাফিয়্যাহ) নামে অভিহিত করা হয়।