এটা এমন নতুন কিছু নয়; সে যখন ঘরে থাকে তখন তার ঘরের
দরজা থাকে বন্ধ। এভাবে থাকতে নিজেকে সে অভ্যস্ত করেছে,
বহুদিন ধরে করেছে, বলতে গেলে, সেই ছাত্রজীবন থেকে, যখন সে হোস্টেলে দিন কাটাতো। এখন থাকে সে পুরনো একটা বাড়িতে। বাড়ির একখানা মাত্র ঘর নিয়ে। এ বাড়িতে সে ছাড়াও আরো তিনঘর ভাড়াটে আছে এবং সব ক'জন ভাড়াটে এক সাথে রেডিও চালিয়ে রাখলে বেশ গমগম করে বাড়ি, ভয়ডর লাগে না।
তবু ঘরের দরজা বন্ধ রাখার পুরনো অভ্যাস সে ত্যাগ করেনি। বাড়িটা একজন প্রপিতামহকে স্মরণ করিয়ে দেয়। একজন হিন্দু প্রপিতামহ। এর এলোমেলো নকশা, খুপরি খুপরি ঘর, সরু চাতাল, উঁচুনিচু সিঁড়ি,অজস্র অন্ধকার কুলুঙ্গি এবং অসংখ্য ঘুলঘুলিসহ মোটা মোটা থাম একজন রাশভারী হিন্দু প্রপিতামহকে স্মরণ করিয়ে দিতে বাধ্য।