বেইলি রোডে রাস্তার আলো আঁধারিতে দাঁড়িয়ে আছে লুনা। মাথা নিচু করে অবাক চোখে ফুটপাতের দিকে তাকিয়ে আছে। পায়ের সামনে পড়ে আছে একটি চশমা। সন্ধ্যাবেলায় জগিং করতে বের হয়েছিল ও। জগিং করতে করতে বেইলি রোডের ফুটপাত ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতেই রাস্তার উপর পড়ে থাকা চশমাটার উপর পা ফেলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ধীরে ধীরে পা নামিয়ে এনে দাঁড়াল। আর একটু হলেই চশমার উপর পা পড়ে যেত। চশমাটা ভেঙ্গে যেত। মাথা তুলে এদিক ওদিক তাকাল। আশে পাশে কাউকে দেখতে পেল না।
এত তাড়াতাড়ি বেইলি রোড খালি হবার কথা নয়। কিন্তু আজ কেন জানি কোন মানুষ নেই আশেপাশে। কিছুটা অবাক হল ও। আবারো চশমাটার দিকে তাকাল। চশমাটার প্রতি বেশ আকর্ষণ অনুভব করল। কিন্তু কেন বুঝতে পারল না। চশমার প্রয়োজন নেই ওর। চশমা চোখে দেয় না ও। ওর চোখ দুটো আল্লার রহমতে ভালই আছে। অনেকেই ওর দুচোখের প্রশংসা করে। ওর চোখ দুটো বেশ বড়বড়। নীল নয়না। বিরল চোখ তার। সবাই ওকে নীল নয়না বলে ডাকে। ওর চোখ দেখে সবাই মুগ্ধ হয়।