আমার নাম শহরবানু। শহর বাদ দিয়ে মা ডাকে বানু। শহরবানু আমার নাম হলেও আমি কোনোদিন কোনো শহরে যাই নাই কিংবা কোনো শহরের স্বপ্ন দেখি নাই। তবে আমি এই পাড়াগাঁ থেকে দূর ইতালির দেশে যেতে চেয়েছিলাম। যেতে চেয়েছিলাম মানে ঘটে যাওয়া ঘটনাচক্রযোগে মনে বাসনা পোষণ করেছিলাম।
আমার স্বামী ইতালি প্রবাসী। শুনেছি, ইতালি খুব সুন্দর দেশ, একদিন স্বপ্নেও দেখেছি বলে মনে হয়- ছবির মতন, অনেকটা মা'র শাড়ির মতো সবুজ রঙের গাছগাছলিতে ঢাকা শুধু পাহাড় আর পাহাড়। আমার ইতালি যাওয়া হয় নাই। আর আজ সন্ধ্যায় আমাকে অবৈধ যৌনকর্মের অপরাধে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার কোথাও ফিরে যাবার পথ নাই। আমার কোথাও ফিরে যাবার ইচ্ছাও নাই।
আমার লক্ষ্য ছিল গাং। আমি গাং পেয়ে গেছি। এখন গাঙের জলে ডুবে আমার আধপোড়া জীবনের যত জ্বালা জুড়াব। তাতে আমার ইতালি যাওয়ার আশা আর পালন করতে হবে না। এখন আমি খুব পরিশ্রান্ত।