সস্তা ভাড়ার ঘরগুলোর সামনে কয়েক ফুটের খালি জায়গা। প্রতি আটটা ঘরের জন্য একটা করে টয়লেট মাঝখানের ঘরের সামনের খালি জায়গার পরেই। ঘরগুলোর মধ্যে অদ্ভুতভাবে গড়ে ওঠা লিঙ্গ সমতার কারণে এখানে আটটি ঘরে পুরুষ থাকে আর বাকি আটটি ঘরে থাকে মহিলারা। তাই একটি টয়লেট নারীদের জন্য, অন্যটা পুরুষদের জন্য সংরক্ষিত। তবে একটা যৌথ টয়লেটও আছে। এক কোণে দাঁড়ানো যৌথ টয়লেটটার একমাত্র রংচটা বদনাটা নিয়ে কাজের দিনে শুরু হয় টানাটানি।
কারণ প্রায় সব ঘরে মানুষ জমজমাট হয়ে আছে। বিশেষত নারীদের নিজেদের মধ্যে পয়সা বাঁচানোর প্রতিযোগিতায় একটি ঘর বাদে বাকি সাতটি ঘরে ঘুমের জায়গা করে নেয় ডিউটি ডে নাইট ভাগ করে। পুরুষরা অতটা গাদাগাদি করে না থাকলেও বন্ধের দিনে সবার একসাথে কাটাতে কষ্ট হয়। তবে পুরুষদের সাথে নারীদের কখনও যৌথটার সামনে লাইনে দাঁড়াতে দেখা যায় না। তারা ঐ জায়গায় যাওয়া-আসার কাজ সারে ফজরের নামাজের আগে। সবগুলো ল্যাট্রিন বাইরে বলে তারা ঐ সময়েই টয়লেট ব্যবহারে অভ্যস্ত।