"নির্বাচিত ১০০ কবিতা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
একজন কবির লেখা সমস্ত কবিতার ভেতর থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু কবিতা নির্বাচন করার চেয়ে কঠিন কাজ বােধকরি নেই। পাঠকের বিচারের কাঠগড়ায় দাড় করলেও বিষয়টি সংশয়ের মধ্যেই থেকে যাবে বলে আমার ধারণা। যে জন্য আমার বিশ্বাস— এ সংকলনটি প্রকাশিত হলে অনেক পাঠকই কবিতা নির্বাচনের ক্ষেত্রে আমাকে সমর্থন করবেন না। নির্বাচিত কবিতার এ সংকটকে স্বীকার করেই ১০০ কবিতার সংকলন প্রকাশিত হচ্ছে।
দেশের বিভিন্ন দুঃসময়, দুর্যোগ, দুর্দিনে যতটুকু পেরেছি একজন কবি হিসেবে তার দায়ভার পালনে সবসময় মানুষের কাছাকাছি থেকেছি। এবং সে সময়কালে লেখা কবিতাগুলাে সাথে বিভিন্ন সময়ের আলােচিত কবিতা এ সংকলনে যুক্ত হয়েছে। ফলে বিভিন্ন মাত্রার কবিতার সমাবেশ ঘটেছে এ বইয়ে। পাঠক এই নির্বাচনকে সাদরে গ্রহণ নাও করতে পারেন। তবে ভিন্নমত থাকলে তা জানালে কৃতজ্ঞ থাকব।