পুরোনো ঢাকার কাগজীটোলায় শামুদের দুর্গের মতো বাড়িটা কে কবে বানিয়েছিলো কেউ বলতে পারবে না। এককালে নিশ্চয়ই দেখার মত ছিলো। বহুদিন মেরামত না হওয়াতে বাইরের পলেস্তারা খসে ইট বেরিয়ে গেছে। ছাদের ফাঁকে ফাটলের ভেতরে বটগাছ গজিয়েছে। চাকরদের ছ'টা ঘরের তিনটারই ছাদ ধসে পড়েছে, সদরের সিং দরজার একটা সিংহের মাথা নেই, আরেকটার লেজ আর পেছনের একটা পা খসে পড়েছে, ছিরি-ছাঁদ বলতে কিছুই নেই।
ইংরেজরা এদেশ থেকে যাওয়ার পর শামুদের বড়দাদু হাজী রইস উদ্দিন খান পাঠান কলকাতার খিদিরপুরের বাড়িটা বদল করেছিলেন ঢাকার কাগজীটোলার অক্ষয় কুমার সরকারদের এই হাড় জিরজিরে বাড়িটার সঙ্গে। পাড়ার লোকেরা বলে অকা সরকারদের বাড়ি বাইরে দেখতে যত খারাপ হোক-কোথায় নাকি সাত ঘড়া আকবরি মোহর পোঁতা আছে।