গভীর ঘুমে স্বপ্নে তিথি কাকে যেন বাঁচাতে স্বপ্নের এপার-ওপার ছুটোছুটি করে। সে এক মহিলা। যে মহিলাকে বাঁচাতে স্বপ্নের মাঝেও এতো ক্রন্দন, সে মহিলা হচ্ছেন তার মা। তিথি আঠারো বছর বয়সী টগবগে এক তরুণী। আঠারো'র বয়সকে কবি বলেছেন উত্তাল, দুর্যোগময় বয়স। আঠারো বছরের রঙিন স্বপ্নের উত্তালতা সবার জীবনেই কি সমবেগে আসে? এই যে তিথি, পূর্ণিমাতিথি যার পুরো নাম সে কি জানে লাস্যময়ী, ভরা পূর্ণিমার দ্বিতীয় দিবস-ই তার নামের অর্থ? বাস্তব জীবনে চারপাশের জগৎটাই যার অন্ধকার, সে কি করে জানবে আলো কী হয়?
তিথি পড়ে উচ্চ মাধ্যমিকে। দেশের বৃহত্তর জেলার ক্ষুদ্র গ্রামে মধ্যবিত্ত এক পরিবারে তার জন্ম। তার বাবা পেশায় ব্যবসায়ী। সমাজে তাদের অবস্থান না উঁচুতে, না নিচুতে। মধ্যবিত্ত পরিবারে দুঃখের অন্ত থাকে না। আয় ব্যয় ইচ্ছে-অভিলাষের টানাপোড়ন তাদের অসীম। তিথি অন্তহীন বিষাদ সমুদ্রের ভাসন্ত এক ভেলার মতো।